নাবিলা শারমিন, নারায়নগঞ্জ : মাদক ব্যবসা ও অন্ধকারের জগৎ ছেড়ে সমাজের মূল স্রোতে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রশাসনের কাছে আত্মসমর্পণের আবেদন জানিয়েছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকার বাসিন্দা মোঃ রমজান মিয়া।
সম্প্রতি বন্দর উপজেলার একরামপুর রোড, ইস্পাহানী এলাকার এই বাসিন্দা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিতভাবে এই আত্মসমর্পণের আবেদনটি জমা দেন।
গণমাধ্যম কর্মীদের কাছে নিজের অতীত কর্মকাণ্ডের কথা স্বীকার করে রমজান মিয়া জানান, তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে এখন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে সম্পূর্ণ সৎ পথে উপার্জন করে স্বাভাবিক জীবনযাপন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, মোঃ রমজান মিয়ার বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৩ সালের একটি মামলা এবং আরও প্রায় ১০টি মাদকসংক্রান্ত মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
আত্মসমর্পণপত্রে তিনি আরও জানান, বর্তমানে তিনি কোনো ধরনের মাদক ক্রয়-বিক্রয় বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন না। তিনি প্রশাসনের কাছে প্রতিশ্রুতি দিয়ে বলেন, “যদি আমি পুনরায় এমন কোনো অপকর্মে লিপ্ত হই, তবে আইনশৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসী আমার বিরুদ্ধে যে কোনো আইনি বা সামাজিক ব্যবস্থা নিলে তা মাথা পেতে মেনে নেব।”
ভবিষ্যতে সৎ পথে জীবনধারণের জন্য তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা কামনা করেছেন।
এদিকে এই আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি অপরাধের পথ ছেড়ে সত্যিই ভালো হতে চান এবং সমাজে পুনর্বাসিত হতে চান, তবে তাকে অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে সংশোধনের সুযোগ দেওয়া হবে
