নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে পাল্টা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে Border Guard Bangladesh।
মঙ্গলবার (১৯ মে) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিএসএফ হঠাৎ গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলিবর্ষণ করে। বিজিবির দ্রুত ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
তিনি বলেন, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটি দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।
এদিকে সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিজিবি।
