• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

উজিরপুরে ঘনঘন লোডশেডিং, বিপাকে শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ জনজীবনউজিরপুরে ঘনঘন লোডশেডিং, বিপাকে শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ জনজীবন

উজিরপুর প্রতিনিধি || বরিশাল

উজিরপুরে তীব্র লোডশেডিং পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করছে। বরিশালের উজিরপুর উপজেলা জুড়ে দিন-রাত ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। কোথাও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না, আবার কোথাও দিনে একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

স্থানীয় বাসিন্দারা জানান, কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করেই বিদ্যুৎ চলে যাচ্ছে এবং দীর্ঘ সময় পর ফিরে আসছে। এতে তীব্র গরমে ভোগান্তি বেড়ে গেছে বহুগুণে। ব্যবসা-বাণিজ্যেও পড়েছে নেতিবাচক প্রভাব, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। বিদ্যুৎ না থাকায় অনেক দোকানপাট ও ছোট কারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শিক্ষা খাতেও এই লোডশেডিং মারাত্মক প্রভাব ফেলছে। শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না, বিশেষ করে রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় তাদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা।

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা ২০২৬ সামনে রেখে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে। পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় তারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারছেন না। ফলে তাদের ফলাফলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উজিরপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উজিরপুর জোনাল অফিসের ডিজিএম গোপাল চন্দ্র শিব জানান, “গতকাল রাতে প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং আজ দিনে প্রায় ৭০ শতাংশ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে লাইনের ত্রুটির কারণে সকালে প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।” তিনি আরও বলেন, দেশব্যাপী লোডশেডিং চলমান থাকলেও বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত এই সমস্যার সমাধান এবং স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। বিশেষ করে পরীক্ষার আগে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অন্তত এই সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights