অনলাইন ডেস্ক:
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি এলাকায় আটকে পড়া বাংলাদেশের ৬টি জাহাজকে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।
বুধবার (১ এপ্রিল) ঢাকায় অবস্থিত ইরানের দূতাবাস-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।
রাষ্ট্রদূত বলেন, হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি ৬টি জাহাজকে পারাপারের অনুমোদন দেওয়া হয়েছে এবং এসব জাহাজ নিরাপদে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ইরান যৌথভাবে কাজ করছে।
তিনি আরও জানান, বাংলাদেশি নাগরিকদের সহায়তা করায় কৃতজ্ঞতা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
তবে চলমান আঞ্চলিক সংঘাত নিয়ে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে কিছুটা অসন্তোষের কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত। তার ভাষ্য, শুধু উদ্বেগ প্রকাশ নয়, যুদ্ধ পরিস্থিতি নিয়ে স্পষ্ট নিন্দা জানানোও প্রয়োজন ছিল।
তিনি বলেন, “বাংলাদেশ ইরানের বন্ধুপ্রতিম দেশ। কঠিন সময়ে একে অপরের পাশে থাকা—এটাই দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি।”
উল্লেখ্য, বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সাম্প্রতিক উত্তেজনার কারণে বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছিল। সর্বশেষ এই অনুমতির ফলে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো দ্রুতই নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে বলে আশা করা হচ্ছে।
