• শুক্র. জুলা ১০, ২০২৬

জাল ভিসা তৈরি করে মানবপাচার: র‍্যাব-৪ এর অভিযানে দুই সদস্য গ্রেফতার, বিপুল জাল কাগজ জব্দ

Byadmin

মার্চ ৩১, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন উন্নত দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা তৈরি ও মানবপাচারের সঙ্গে জড়িত একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। এসময় তাদের কাছ থেকে ভিসা তৈরির বিভিন্ন ডিভাইস ও বিপুল পরিমাণ জাল ভিসা জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি সংঘবদ্ধ অপরাধ দমনে কাজ করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।

র‍্যাব-৪ সূত্রে জানা যায়, ৩০ মার্চ ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ আভিযানিক দল রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালায়। এসময় জাল ভিসা তৈরি ও প্রতারণার সঙ্গে জড়িত চক্রের দুই সদস্য—মো. সাকিউর রহমান ওরফে সুমন (৩৭) এবং মো. কোরবান আলী (৩০)—কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা “এসআরএস ইন্টারন্যাশনাল বিডি” নামক একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। তারা অস্ট্রেলিয়া ও ইউরোপে বৈধভাবে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিত।

এক ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, সুমন তাকে ২০ লাখ টাকার বিনিময়ে অস্ট্রেলিয়ায় চাকরির প্রস্তাব দেয়। পরবর্তীতে ভুক্তভোগী বিভিন্ন সময়ে নগদ ও ব্যাংকের মাধ্যমে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। পরে তাকে “Australia Group” নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয় এবং ভিসা প্রক্রিয়ার নামে বিভিন্ন কাগজপত্রও দেওয়া হয়।

গত ২২ মে ২০২৫ তারিখ তাকে “ভিএফএস গ্লোবাল” অফিসে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় বলে জানানো হয়। তবে বারবার বিমানের টিকিট দেওয়ার কথা বলে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে টিকিটের নামে আরও ৯৬ হাজার টাকা দাবি করা হলে ভুক্তভোগী বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা প্রদান করেন।

পরে সন্দেহ হলে তিনি গ্রুপের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, একইভাবে আরও অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। টাকা ফেরত চাইলে উল্টো ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব-৪ জানায়, ঘটনার পর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে ছায়াতদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিল এবং বহু মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights