
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানো হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে—এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে (অফলাইন) পাঠদান হবে।
তিনি আরও জানান, জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনার একটি পরিকল্পনা করা হচ্ছে। এতে শিক্ষকরা যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন, তবে নির্ধারিত দিনগুলোতে শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত হয়ে ক্লাস করবে।
এর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন বলেন, জ্বালানি সংকটের কারণে বিকল্প পদ্ধতিতে পাঠদান চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। অনলাইন ও অফলাইনের সমন্বয়ে নতুন এই পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ব্যবস্থার মাধ্যমে একদিকে জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতাও বজায় রাখা সম্ভব হবে।
