• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

এক মাসে কমবে যানজট, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

Byadmin

মার্চ ২৪, ২০২৬

মাহমুদুল হাসান:

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান উন্নতি আনতে কাজ শুরু করবে ঢাকার দুই সিটি করপোরেশন।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং স্থানীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত সমাধানের বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম সাংবাদিকদের বলেন, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি—উভয় ধরনের পরিকল্পনা নিয়েই আলোচনা হয়েছে। সিটি করপোরেশন পুলিশের সঙ্গে সমন্বয় করে দ্রুত এসব কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করবে।

তিনি বলেন, যানজটের কারণে ঢাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ অবস্থার পরিবর্তনে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করতে সংশ্লিষ্ট সব পক্ষ একসঙ্গে কাজ করবে।

আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান উন্নতি আনার লক্ষ্য নির্ধারণ করে তিনি বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন অন্তত আংশিকভাবে যানজট কমানো যায় এবং ট্রাফিক ব্যবস্থা কার্যকর করা সম্ভব হয়।”

অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি জানান, চালকদের বিকল্প কর্মসংস্থানের বিষয়টিও আলোচনায় এসেছে। প্রয়োজনে তাদের সংগঠনের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে শৃঙ্খলার মধ্যে আনা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠকে ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে স্থানীয়ভাবে পরিকল্পনা চূড়ান্ত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করা হবে।

তিনি আরও বলেন, সিটি করপোরেশন, রাজউক ও পুলিশের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং আগামী মাসের মধ্যে অগ্রগতির চিত্র প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন হলে দীর্ঘদিনের যানজট সমস্যার কিছুটা হলেও সমাধান মিলতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights