বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)।
আহতদের মধ্যে রয়েছেন শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় যাত্রীদের বের হওয়ার সুযোগ খুবই কম ছিল। চালক রিন্টু গাড়ির ভেতরেই পুড়ে মারা যান।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
