• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

১০১ দিন ধরে নিখোঁজ মো. নাজিম মোল্লা: জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন, পুলিশের নিরপেক্ষ তদন্ত দাবি

Byadmin

ফেব্রু. ২০, ২০২৬

মাহমুদুল হাসান, ঢাকাঃ

প্রায় ১০১ দিন ধরে নিখোঁজ রয়েছেন বরিশালের বাসিন্দা মো. নাজিম মোল্লা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। নিখোঁজের ঘটনার প্রতিবাদ ও দ্রুত উদ্ধারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার পরিবার ও এলাকাবাসী।

পরিবারের সদস্যরা জানান, গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর রমনা থানা-য় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। তবে অভিযোগ, মামলা হওয়ার পরও কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি। পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ।

নিখোঁজ নাজিম মোল্লার মা মানববন্ধনে ছেলের ছবি বুকে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “তিন মাস ধরে আমার ছেলের কোনো খোঁজ নেই। আমরা থানায় গেছি, প্রশাসনের কাছে গেছি—কিন্তু কোনো সুরাহা পাইনি।” পরিবারের দাবি, উল্টো বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে তাদের।

মানববন্ধনে পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, তানিয়া সুলতানা তন্মী নামে এক পুলিশ কনস্টেবলের মোবাইল ফোনে নিখোঁজ নাজিম মোল্লার কিছু তথ্য পাওয়া গেছে বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। তাদের বক্তব্য, সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে নাজিম মোল্লার অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

নাজিম মোল্লার স্ত্রীও স্বামীর সন্ধান চেয়ে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, “তিন মাস ধরে আমার স্বামী নিখোঁজ। আমি জানি না তিনি বেঁচে আছেন কি না। আমরা শুধু তাকে ফিরে পেতে চাই।”

মানববন্ধনে বক্তারা অতীতের বিচারহীনতা, গুম ও নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। তারা বলেন, একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নিখোঁজ নাজিম মোল্লাকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights