
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক সংস্কৃতি উপদেষ্টা ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সাম্প্রতিক অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন।
তাঁকে নিয়ে তৈরি হওয়া নানা বিতর্ক ও সমালোচনার জবাবে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি দীর্ঘ বার্তা শেয়ার করেছেন তিনি। সেখানে তিনি সরকারের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত এবং এর পরবর্তী তিক্ত অভিজ্ঞতা নিয়ে গভীর ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেন।
রোববার (৭ জুন) দেওয়া ওই পোস্টে ফারুকী উল্লেখ করেন, যেকোনো ভালো কাজের পেছনে একটা বড় মাশুল দিতে হয়। এই বাস্তবতার কথা মাথায় রেখেই তিনি রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরিস্থিতি যে এতটা নাজুক ও ভয়াবহ রূপ নেবে, তা তাঁর ধারণার বাইরে ছিল।
তিনি আক্ষেপ করে বলেন, জনকল্যাণে কাজ করতে গেলে যে মানসিক ও সামাজিক মূল্য চোকাতে হয়, তা তিনি জানতেন। কিন্তু বাস্তবতার মুখোমুখি হয়ে দেখছেন, সেই মূল্য দেওয়াটা কল্পনার চেয়েও অনেক বেশি কঠিন ও নিষ্ঠুর।
নিজেকে নিয়ে চলমান ট্রল ও সমালোচনা প্রসঙ্গে এই নির্মাতা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে এমন কিছু ব্যক্তি তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন, যাঁদেরকে তিনি কখনোই নিজের সমকক্ষ বা আলোচনার যোগ্য মনে করেননি। অতীতে যাঁদের নাম তাঁর আড্ডায় বা পরিচিত গণ্ডিতেও ছিল না, তাঁরাই এখন তাঁকে নিয়ে মেতে উঠেছেন।
ফারুকী তাঁর পোস্টে লেখেন, এমন সব মানুষ এখন আমাদের সমালোচনা করছে, যাদের কথার জবাব দেওয়াটাও এক ধরনের আত্মসম্মানহানি। এরা কখনোই আমাদের ভাবনার জগতে ছিল না। অথচ দুঃখজনক বিষয় হলো, এখন গণমাধ্যমকর্মীরা ফোন করে আমাদের কাছে সেইসব মানুষের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চান। সম্ভবত এটাই দেশ ও মানুষের জন্য ভালো কিছু করতে চাওয়ার বড় মাশুল।
