
একরামুল হক
১১ জুন ২০২৬, বৃহস্পতিবার
ত্রয়োদশ জাতীয় সংসদে পরিকল্পনা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বিএনপির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান-কে এই কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদে এ পর্যন্ত পরিকল্পনা মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটিই প্রথম মন্ত্রণালয়ভিত্তিক সংসদীয় কমিটি হিসেবে গঠিত হলো।
নবগঠিত এই কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম। এছাড়াও ১০ সদস্যের এই কমিটিতে অন্য সদস্য হিসেবে রয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রকিবুল ইসলাম, মাইনুল ইসলাম খান, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম ও রাশেদুল ইসলাম।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদ নেতা তারেক রহমান-এর অনুমতিক্রমে তাঁর পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম জাতীয় সংসদ অধিবেশনে এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী গঠিত এই কমিটি বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), প্রকল্পের অনুমোদন, উন্নয়ন ব্যয় এবং পরিকল্পনা কমিশনের কার্যক্রমের ওপর সংসদীয় নজরদারি রাখার সুযোগ পাবে।
সংশ্লিষ্ট মহলের মতে, পরিকল্পনা মন্ত্রণালয়–সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলামের অন্তর্ভুক্তি জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাজেট ব্যবস্থাপনা, প্রকল্প বাস্তবায়ন ও সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে একটি অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
