• শুক্র. জুলা ১০, ২০২৬

সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, ‘আন্ডা রফিক’কে ঘিরে চাঞ্চল্য, প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ

Byadmin

এপ্রি ২, ২০২৬


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত রফিকুল ইসলাম রফিক ওরফে ‘আন্ডা রফিক’কে ঘিরে নতুন করে চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর তিনি দেশ ছাড়ার চেষ্টা করছেন—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। একই সঙ্গে কয়েকদিন আগে প্রকাশ্যে দেখা যাওয়ার পর হঠাৎ গা ঢাকা দেওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় রহস্য ও উত্তেজনা আরও বেড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় তাকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যায়। দীর্ঘদিন পলাতক থাকার পর হঠাৎ করে তার এমন প্রকাশ্য উপস্থিতিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভও দেখা দেয়। তবে গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকেই তিনি আবারও গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে এলাকাজুড়ে গুঞ্জন উঠেছে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি দেশত্যাগের চেষ্টা করছেন। এতে করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমি দখল, প্রতারণা, ভুয়া দলিল তৈরি, একই জমি একাধিকবার বিক্রি এবং নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কঠোর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
নাওড়া এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, “সংবাদ প্রকাশের পর থেকেই সে এলাকায় নেই। আমরা শুনছি সে দেশ ছাড়ার চেষ্টা করছে। দ্রুত তাকে আটক না করলে সে পালিয়ে যেতে পারে, তখন আমরা আর বিচার পাবো না।”
ভুক্তভোগী একটি পরিবার জানায়, তারা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। কিন্তু মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া ধীরগতির হওয়ায় তারা হতাশ। অভিযুক্ত ব্যক্তি দেশত্যাগ করলে বিচার পাওয়া আরও অনিশ্চিত হয়ে পড়বে বলে তারা আশঙ্কা করছেন।
স্থানীয়দের দাবি, প্রভাবশালী হওয়ায় এতদিন তিনি প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে ছিলেন। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ তাদের। এখন তিনি দেশ ছাড়ার চেষ্টা করলে পুরো বিষয়টি আরও জটিল হয়ে পড়বে বলেও মনে করছেন এলাকাবাসী।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “রফিক প্রকাশ্যে ঘোরাফেরা করছে—এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। যেহেতু সে মামলার আসামি, তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করতে পারে না। তাকে হয় জামিন নিতে হবে, নয়তো গ্রেপ্তার হতে হবে। সে জামিনে আছে কি না সেটি যাচাই করা হচ্ছে। যদি তাকে প্রকাশ্যে পাওয়া যায়, তাহলে অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights