সাইফুল ইসলামঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদনকে ঘিরে সৃষ্ট বিতর্ক এড়িয়ে ঐক্যের পথে এগোনোর আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অতীতের বিভেদ ভুলে জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমেই মুক্তিযুদ্ধের প্রকৃত লক্ষ্য অর্জন সম্ভব।
প্রতিমন্ত্রী বলেন, “যে কারণেই হোক, দেশে ও দেশের বাইরে গিয়ে তারা (জামায়াত) তাদের অবস্থান নিয়ে ক্ষমা চেয়েছে। হয়তো তাদের ক্ষমা চাওয়ার ভাষা অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে—আমরা কি এখনো সেই বিভেদ আঁকড়ে ধরে থাকব? আমরা কি জাতিকে আবারও বিভক্তির পথে ঠেলে দেবো?”
তিনি আরও বলেন, বিভাজনের রাজনীতি কখনোই দেশের জন্য কল্যাণ বয়ে আনে না। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়াই সময়ের দাবি। তার ভাষায়, “ঐক্যই ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল শক্তি। আজও সেই ঐক্যের প্রয়োজন রয়েছে।”
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, একটি গণতান্ত্রিক পরিবেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে শহীদ দিবস পালন ইতিবাচক বার্তা দেয়। নতুন সরকার এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়, যেখানে দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক বিভাজন দূর হবে।
উল্লেখ্য, এ বছর প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান-সহ দলের শীর্ষ নেতারা শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
