• বৃহস্পতি. জুলাই ৯, ২০২৬

মহান মে দিবসে ডেমরায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

Byadmin

মে ১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | ডেমরা (ঢাকা)

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর ডেমরায় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন (রেজি নং-বি-২২০৯) ডেমরা থানা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ৯টায় ডেমরা স্টাফ কোয়াটার এলাকার আলেপ খান ফাউন্ডেশন মার্কেট থেকে র‍্যালীটি শুরু হয়ে সারুলিয়া, রাণীমহল, মাদরাসা রোড, ব্যাংক কলোনি, তায়েব আলী রোড, আমতলা বড় ভাঙ্গা, হাজীনগর, বামৈলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টাফ কোয়াটার এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালীতে বিপুল সংখ্যক নির্মাণ শ্রমিক অংশ নেন এবং বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

র‍্যালী শেষে সকাল ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান (জামান)। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ডেমরা থানা কমিটির সভাপতি মোঃ ইউনুস হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম হাওলাদার।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সভাপতি মোঃ ইউনুস হাওলাদার নির্মাণ শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে আসছি। অথচ দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আমরা এখনো অবহেলিত। প্রায় ৩৫ লাখ নির্মাণ শ্রমিক পরিবার থাকা সত্ত্বেও সরকারিভাবে আমরা তেমন কোনো সহায়তা পাই না।”

তিনি আরও বলেন, শ্রমিকদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের পক্ষ থেকে ১২ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—কর্মস্থলে আহত বা নিহত শ্রমিকদের পরিবারের জন্য ১০-১৫ লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ, শ্রমিকদের জন্য বাসস্থানের ব্যবস্থা, নদীভাঙন কবলিত শ্রমিকদের পুনর্বাসন, পেনশন স্কিম চালু, রেশন ব্যবস্থায় অন্তর্ভুক্তি, মজুরি ৩০ শতাংশ বৃদ্ধি, বছরে অন্তত ৫২ দিনের ছুটি নিশ্চিত করা, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, কর্মস্থলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, প্রবাসী শ্রমিকদের যাতায়াত ব্যয় কমানো ও নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় বাজেটে নির্মাণ শ্রমিকদের অন্তর্ভুক্ত করা।

এছাড়া বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় একজন সাধারণ নির্মাণ শ্রমিকের ন্যূনতম দৈনিক মজুরি ১০০০ টাকা এবং একজন লেবারের ৮০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়।

আলোচনা সভায় ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য এবং বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সরকারের প্রতি দ্রুত দাবিগুলো বাস্তবায়নের দাবি জানান।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights