• মে ২৬, ২০২৬ ৯:২১ অপরাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় জরুরি পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার

Byadmin

নভে. ২৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
সাম্প্রতিক কয়েক দফা ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আতঙ্ক না ছড়িয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন দেশের শীর্ষ ভূমিকম্প বিশেষজ্ঞরা। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তারা এ মতামত দেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের দ্রুততম সময়ে সরকারের করণীয় সম্পর্কে লিখিত সুপারিশ পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন,“আমরা হাত গুটিয়ে বসে থাকতে চাই না, আবার অবৈজ্ঞানিক পদক্ষেপও নিতে চাই না। বিশেষজ্ঞদের পরামর্শ পেলেই প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সরকার প্রস্তুত।”তিনি জানান, ভূমিকম্প প্রস্তুতি জোরদারে বিশেষজ্ঞ কমিটি ও একাধিক টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে।

গুজব বিষয়ে সতর্কতা

বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, সামাজিক মাধ্যমে “৪৮ ঘণ্টার মধ্যে”, “১০ দিনের মধ্যে”, “১ মাসের মধ্যে” বড় ভূমিকম্পের মতো গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।তাদের মত, ভূমিকম্প কখন হবে—তা কেউ বলতে পারে না, তবে ইতিহাস ও ভূতাত্ত্বিক তথ্যের ভিত্তিতে ঝুঁকির সময়সীমা অনুমান করা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন,“বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা তুলনামূলক কম। তবে সম্ভাব্য সব প্রস্তুতি আমাদের রাখতে হবে।”

ড. হুমায়ুন আখতার বলেন, সচেতনতা তৈরিতে তরুণ সমাজকে যুক্ত করতে হবে এবং ব্যক্তি, প্রতিষ্ঠান, ইনডোর–আউটডোর সব পর্যায়ে প্রস্তুতি পরিকল্পনা তৈরি করতে হবে।

এমআইএসটি’র অধ্যাপক জয়নুল আবেদীন বলেন,
“আতঙ্ক নয়—প্রস্তুতি জরুরি। খোলা জায়গার অবস্থান, কোথায় আশ্রয় নেওয়া যাবে—এসব তথ্য জনগণের কাছে পৌঁছাতে হবে এবং নিয়মিত মহড়া পরিচালনা করতে হবে।”

অবকাঠামো ও হাসপাতালের সক্ষমতা মূল্যায়ন

বিশেষজ্ঞরা বলেন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ–গ্যাস স্থাপনা ও সরকারি ভবনগুলোর সক্ষমতা পর্যালোচনা করে ঘাটতি থাকলে তা দ্রুত ঠিক করতে হবে।গণপূর্ত অধিদফতর জানায়, সফটওয়্যারের মাধ্যমে ফাটল ধরা ভবনগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ইতোমধ্যে দুই শতাধিক ভবনের মূল্যায়ন শেষ হয়েছে—যার অধিকাংশই পার্টিশন ওয়ালের ফাটল।

প্রবাসী বিজ্ঞানীদের যুক্ত করতে ‘শুভেচ্ছা’ অ্যাপ ব্যবহারের আহ্বান

প্রধান উপদেষ্টা বলেন, বিদেশে থাকা বাংলাদেশি বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় বাড়াতে ‘শুভেচ্ছা’ অ্যাপ ব্যবহার করা হবে।তিনি বলেন,“অ্যাপটি আরও কার্যকর করতে কী ফিচার যুক্ত করা যায়—বিশেষজ্ঞরা সে বিষয়ে পরামর্শ দিন।”

টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

বৈঠকে সিদ্ধান্ত হয়—বিশেষজ্ঞদের লিখিত সুপারিশ হাতে পেলেই সরকার দ্রুত টাস্কফোর্স গঠন করবে। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, গবেষক ও ভূমিকম্প বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights