
নিজস্ব প্রতিবেদক
বেসরকারি স্কুল-কলেজে প্রবেশপর্যায়ের শিক্ষক নিয়োগে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব থেকে সরে যাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পরিবর্তে নিবন্ধন ও প্রত্যয়নপ্রাপ্ত শিক্ষকদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ৩ আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে এনটিআরসিএর কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ মন্ত্রণালয় ও এনটিআরসিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) সংস্থাটির আইনগত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। আলোচনায় বলা হয়, ২০০৫ সালের আইনের আওতায় এনটিআরসিএর মূল দায়িত্ব হলো শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও যোগ্য প্রার্থীদের প্রত্যয়ন প্রদান।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৫ সালের পর থেকে চালু থাকা শিক্ষক নিয়োগের সুপারিশ কার্যক্রম আর এনটিআরসিএর মাধ্যমে পরিচালিত হবে না। এ জন্য প্রয়োজনীয় আইন, পরিপত্র ও প্রজ্ঞাপনে সংশোধন আনার উদ্যোগ নেওয়া হবে।
সভায় শিক্ষামন্ত্রী বলেন, ২০০৫ সালে এনটিআরসিএ প্রতিষ্ঠার পর দীর্ঘদিন সংস্থাটি শুধু নিবন্ধন ও প্রত্যয়নের কাজ করেছে। পরবর্তী সময়ে নিয়োগের সুপারিশের দায়িত্ব যুক্ত হওয়ার পর বিভিন্ন জটিলতা, মামলা ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এনটিআরসিএকে আবার নিবন্ধন ও প্রত্যয়নের মূল দায়িত্বে ফিরিয়ে নেওয়ার মতামত দেওয়া হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারাও এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন বলে কার্যবিবরণীতে উল্লেখ রয়েছে।
১৯তম নিবন্ধন থেকেই নতুন পদ্ধতি
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকেই নতুন নিয়োগ পদ্ধতি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ ১৯তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও প্রত্যয়নপ্রাপ্ত প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগের সুযোগ পাবেন।
এ ছাড়া ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জন প্রার্থীকে তাদের পছন্দ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে স্বউদ্যোগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথাও সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র বা প্রজ্ঞাপন সংশোধন কিংবা জারির উদ্যোগ নেওয়া হবে।
এক দশকে ১ লাখ ৭৭ হাজারের বেশি নিয়োগের সুপারিশ
২০০৫ সালে এনটিআরসিএ প্রতিষ্ঠার পর প্রথম দিকে সংস্থাটি মূলত শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও সনদ দেওয়ার কাজ করত। ২০১৫ সালের ডিসেম্বর থেকে নিবন্ধনধারী শিক্ষকদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ দেওয়ার কার্যক্রম শুরু হয়।
এনটিআরসিএর মাধ্যমে নিয়োগের ফলে দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে একটি কেন্দ্রীয় ব্যবস্থা চালু ছিল। সংস্থাটি এখন পর্যন্ত ১ লাখ ৭৭ হাজার ৫৭১ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নের দায়িত্ব এনটিআরসিএর কাছে থাকলেও নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানভিত্তিক ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির ভূমিকা প্রধান হবে।
