
ক্রীড়া ডেস্ক
১৬ বছর পর ফুটবল বিশ্বকাপ জয়ের আনন্দে উচ্ছ্বসিত স্পেনজুড়ে উদযাপনের মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। পশ্চিমাঞ্চলীয় শহর সিউদাদ রদ্রিগোতে বিশ্বকাপ জয়ের উৎসব চলাকালে একটি ফোয়ারা ধসে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, রোববার গভীর রাতে বিপুলসংখ্যক সমর্থক শহরের একটি ফোয়ারার ওপর উঠে উদযাপন করছিলেন। অতিরিক্ত চাপের কারণে ফোয়ারাটির একটি অংশ ধসে পড়ে। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
সিউদাদ রদ্রিগো সিটি কাউন্সিল এক শোকবার্তায় নিহত কিশোরের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, বিশ্বকাপ জয়ের আনন্দের মুহূর্তটি একটি হৃদয়বিদারক দুর্ঘটনায় পরিণত হয়েছে।
জরুরি সেবা বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১২টার কিছু পর দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে আরও এক কিশোরের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে অসংখ্য মানুষ ফোয়ারার ওপর উঠে পড়ায় অতিরিক্ত ওজনের চাপ সহ্য করতে না পেরে সেটির একটি অংশ ভেঙে পড়ে।
অন্যদিকে, ফাইনালে পরাজয়ের পর আর্জেন্টিনাতেও শোকের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে দেশটিতে দুই সমর্থকের মৃত্যু হয়েছে।
এদিকে নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে নেয় স্পেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে লামিনে ইয়ামাল, রদ্রি, মার্ক কুকুরেয়াসহ স্প্যানিশ ফুটবলাররা উল্লাসে মেতে ওঠেন। দীর্ঘ ৩৯ দিনের টুর্নামেন্ট শেষে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের হাতে ওঠে কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি।
