লাবলু মিয়া, সিলেট :
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা-এর ছত্রিশ গ্রামে একটি সালিশ বৈঠককে কেন্দ্র করে পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন মৃত হাজী জালাল মিয়ার ছেলে বিটিম আয়মন। তার শ্বাসনালী কেটে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার ও স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে একটি সালিশ বৈঠক চলাকালে অন্য একটি বিষয় নিয়ে বিটিম আয়মনের ফুফাতো ভাইয়ের সঙ্গে প্রতিপক্ষের সামান্য বাকবিতণ্ডা হয়। তবে ওই সময় বিটিম আয়মন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। পরে সালিশের বিষয়টি জানতে পেরে তিনি সেখানে গেলে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত হিসেবে পুতুল মিয়া, আজমত মিয়া এবং পুতুল মিয়ার ছেলে রুমন ও রুবেলের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, রুমন ধারালো অস্ত্র দিয়ে বিটিম আয়মনের গলায় আঘাত করলে তার শ্বাসনালী কেটে যায়। একই সময়ে রুবেল লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর জখম করে। উপস্থিত অন্য হামলাকারীরাও সম্মিলিতভাবে তাকে প্রাণে হত্যার চেষ্টা চালায় বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।
এছাড়া পাশের গ্রাম থেকে ভাড়া করে আনা একদল লোক ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং তারা নাম অজ্ঞাত আরমান মিয়াকেও হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের একটি অংশের দাবি, হামলায় জড়িত রুবেলের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার গুঞ্জন এলাকায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
গুরুতর আহত বিটিম আয়মনকে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করেন। সেখানে তার গলায় জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।
