
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অন্যতম কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম ধাপে ধাপে সারাদেশে সম্প্রসারণের লক্ষ্যে পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে উচ্চপর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির বর্তমান অগ্রগতি, বাস্তবায়নের বিভিন্ন দিক এবং পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ কার্যক্রম বিস্তারের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্যভান্ডার গড়ে তোলা অপরিহার্য। এজন্য তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। একই সঙ্গে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে যোগ্য পরিবারগুলোর কাছে সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের সব অঞ্চলে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
