
শাব্বির আহমদ, জেলা প্রতিনিধি, খুলনা
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে খুলনার ফুলতলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) ফুলতলা উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা শাখার চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানি সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ফুলতলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান শেখ আবুল বাশার। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণে ফলজ গাছের গুরুত্ব অপরিসীম।”
তিনি বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। নিয়মিত পরিচর্যা, পানি দেওয়া ও প্রয়োজনীয় সুরক্ষার মাধ্যমে প্রতিটি চারাকে পূর্ণাঙ্গ গাছে পরিণত করতে হবে। এ কাজে শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানি সাহা বলেন, পরিবেশ রক্ষার আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের অভ্যাস গড়ে তুলতে হবে।
তিনি প্রত্যেক শিক্ষার্থীকে নিজ বাড়ির আঙিনা বা উপযুক্ত স্থানে অন্তত একটি করে ফলজ গাছ রোপণ করে নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফলজ গাছের চারা তুলে দেন। চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা গাছগুলো যথাযথভাবে রোপণ, পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে বড় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণের এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
