• বুধ. সেপ্টে ২, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

নরসিংদীতে নদীতে গোসল করতে নেমে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

BySarker

জুলা ১৬, ২০২৬

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলো—বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার দুই মেয়ে জান্নাত ইসলাম (৯) ও আশেয়া (৯), এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ৬ থেকে ৭ জন শিশু কাকন নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে একজন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে আরও কয়েকজন গভীর পানিতে ডুবে যায়।

চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমে তিন শিশুকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে নিখোঁজ থাকা আরেক শিশু সুমাইয়ার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, তিন শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, নদীতে ডুবে চার শিশুর মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একসঙ্গে চার শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো বড়কান্দা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights