মো. মাহবুবুর রহমান ভুইয়া, ডেমরা (ঢাকা):
রাজধানীর ডেমরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে রাষ্ট্রবিরোধী মিছিল আয়োজনের অভিযোগে ঢাকা-৫ আসনের সাবেক এমপি, দুই সাবেক কাউন্সিলরসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে ডেমরা থানার এসআই শাহ আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে ডেমরার পাইটি বটতলা মোড় এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা “নিষিদ্ধ ছাত্রলীগ” ব্যানারে একটি মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ করে।
অভিযুক্তরা হলেন:
ডেমরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আকরামুল ইসলাম সাগর, ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল (৬২), ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, ৭০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আতিকুর রহমান আতিক, ছাত্রলীগ নেতা মো. মোনায়েম, রাকিবুল হাসান শাওন, রাজু আহমেদ রতন, আল আমিন, জহিরুল ইসলাম, মহিবুর রহমান রনি ভূঁইয়া, এনামুল হক তায়িফ, মো. মাহিন খান, ফয়সাল ও শান্ত।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, “ডেমরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম সাগরের ব্যানারে এবং সভাপতি রনি ভূঁইয়ার তত্ত্বাবধানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা রাষ্ট্রবিরোধী মিছিল বের করে আইনশৃঙ্খলা ভঙ্গ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে অভিযুক্তদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়।”
তিনি আরও জানান, “মিছিলে অংশগ্রহণকারীরা সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেয় এবং দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। দ্রুত সময়ের মধ্যেই আসামিদের গ্রেফতার করা হবে।”

