
মোঃ আমির হোসেন, ঠাকুরগাওঃ
বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ (সদর) শূন্য হলে সেখানে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। এর আগে তিনি সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে ঠাকুরগাঁও-১ আসন শূন্য হওয়ার বিষয়টি আগে জানা থাকলে সাতক্ষীরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিতেন না বলে জানান তিনি।
হিরো আলম বলেন, স্থানীয়দের অনুরোধেই উত্তরাঞ্চলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার ভাষায়, ‘আমার এলাকার লোকজন বলছেন, আমি বগুড়ার ছেলে। আমি যেন উত্তরাঞ্চলেই থাকি। এই চিন্তা থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হব।’
তিনি জানান, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই উপনির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
তবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাইসহ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু হয়নি। ফলে হিরো আলমের প্রার্থিতা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।
নির্বাচনের তফসিল ঘোষণা হলে মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপরই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মাঠে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তা আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হবে।
