
সোহেল রানা:
জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়তে শুরু করেছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের বাণিজ্যে। দেশের বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহনে ট্রাকভাড়া বেড়েছে উল্লেখযোগ্য হারে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে—এমন আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গন্তব্যভেদে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি ভাড়া বৃদ্ধি লক্ষ্য করা গেছে চট্টগ্রাম ও সিলেট রুটে। আগে চট্টগ্রামগামী ১৫ টন পণ্য পরিবহনে যেখানে খরচ হতো প্রায় ২৫ হাজার টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ থেকে ৩১ হাজার টাকায়। একইভাবে, ঢাকা রুটে ভাড়া ১৭ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার টাকারও বেশি হয়েছে।
এই হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা। ট্রাকচালক আবুল কালাম বলেন, “মাত্র কয়েক দিনের ব্যবধানে ভাড়া ৫-৬ হাজার টাকা বেড়েছে। এভাবে চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।”
অন্যদিকে বগুড়ার চালক রফিক জানান, “এক গাড়ি চাল নিয়ে যাচ্ছি, আগের তুলনায় প্রায় চার হাজার টাকা বেশি ভাড়া দিতে হচ্ছে। এই অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত পণ্যের দামের ওপরই পড়বে।”
তবে ভাড়া বৃদ্ধির কারণ নিয়ে রয়েছে ভিন্নমত। চট্টগ্রাম থেকে আসা ব্যবসায়ী আব্দুস সুবহান অভিযোগ করেন, দেশে ডিজেলের তেমন সংকট না থাকলেও তেলের অজুহাতে ট্রাকভাড়া বাড়ানো হচ্ছে। এতে সাধারণ ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ট্রাক মালিক সমিতির এক নেতা বলেন, পেট্রোল ও অকটেনের কিছুটা সংকট থাকলেও ডিজেলের সরবরাহ তুলনামূলক স্বাভাবিক। তবে নির্দিষ্ট সময়ে জ্বালানি না পাওয়ার কারণে পরিবহন ব্যয় বেড়েছে, যার প্রভাব পড়ছে ভাড়ায়।
সার্বিকভাবে, জ্বালানি সংকট ও পরিবহন ব্যয়ের এই ঊর্ধ্বগতি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে শিগগিরই বাজারে দ্রব্যমূল্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
