দেশে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা ঠেকাতে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ৯টি জেলার ১৯টি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে অননুমোদিতভাবে তেল মজুতের প্রবণতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর নির্দেশে বিজিবি মাঠে নামানো হয়েছে।
বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে এই মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইউনিট সদর থেকে দূরে দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে সদস্যরা দায়িত্ব পালন করছেন।
গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ঢাকা জেলা, কুড়িগ্রাম জেলা, রংপুর জেলা, রাজশাহী জেলা, সিলেট জেলা, মৌলভীবাজার জেলা, কুমিল্লা জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং সুনামগঞ্জ জেলা-এর ডিপোগুলোতে বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছেন।
মোতায়েনকৃত সদস্যরা একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি, প্রশাসনিক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করছেন। একইসঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার, অবৈধ জ্বালানি মজুত ও বিক্রয় প্রতিরোধ এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে এবং বিজিবির দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখা ও জনমনে আস্থা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।
এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে অতিরিক্ত টহল, নৌ-টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং আমদানি-রপ্তানিতে ব্যবহৃত যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।
