
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে নিজ মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে শাহিদ হোসেন (৪৫) নামে সাবেক ব্যাংকার ও ছাত্রলীগ নেতার আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে নগরের ডবলমুরিং থানার হাজীপাড়ায় নিজ বাসার ড্রয়িংরুমে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, গুলির শব্দ শুনে ড্রয়িংরুমে গিয়ে শাহিদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহিদ হোসেন ওই এলাকার ইমাম হোসেন বাড়ির মৃত ইকবাল হোসেনের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন। পাশাপাশি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে নির্বাহী কর্মকর্তা পদ থেকে তিনি পদত্যাগ করেন। তিনি পেশায় আইনজীবীও ছিলেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় শাহিদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
ওসি বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। এ ছাড়া ব্যবহৃত পিস্তলটি বৈধ নাকি অবৈধ, সেটিও যাচাই করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের স্ত্রী শারমিন জানান, সকালে তারা বাসাতেই ছিলেন। ড্রয়িংরুম থেকে বিকট শব্দ শুনে সেখানে গিয়ে শাহিদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তিনি জানান, আগের দিন স্বামীর সঙ্গে সামান্য মনোমালিন্য হয়েছিল। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা বুঝতে পারছেন না। শাহিদের দুই সন্তান রয়েছে এবং তার স্ত্রী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আত্মহত্যার কারণ ও অস্ত্রটির বৈধতার বিষয়টি নিশ্চিত করা হবে।
