• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঘুষ কেলেংকারিতে বরখাস্ত সেই এপিএস মোয়াজ্জেমকে ক্রীড়া সংস্থার সদস্য নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ!

Byadmin

সেপ্টে. ১৮, ২০২৫

সোহেল রানা, স্টাফ রিপোর্টার:

শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ঘুষ কেলেংকারিতে বরখাস্ত এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তাধীন দেশব্যাপী আলোচিত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেনকে নতুন করে ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিষয়টি দেশজুড়ে ব্যাপক বিস্ময়ের সৃষ্টি করেছে।

সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের স্মারক নং ৩৪.০৩.০০০০.০০০.০০৪.০১.০০০৫.২২০৪৭৪ এর মাধ্যমে মো. মোয়াজ্জেম হোসেনকে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যবিশিষ্ট এডহক কমিটির ৫ নম্বর সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরিচয় কলামে তাকে “ক্রীড়া সংগঠক” হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে মাগুরার সর্বস্তরের মানুষ। তাদের প্রশ্ন—দেশ আলোচিত দুর্নীতিবাজ ও ঘুষ কেলেংকারিতে অভিযুক্ত একজন ব্যক্তিকে কেন ক্রীড়া সংস্থার মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে সদস্য করা হলো?

উল্লেখ্য, মাগুরা জেলা প্রশাসক যে তালিকা পাঠিয়েছিলেন, সেখানে মো. মোয়াজ্জেম হোসেনের নাম ছিল না। তাছাড়া তিনি কখনো ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত নন। তাহলে কে বা কারা তার নাম অন্তর্ভুক্ত করল, তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। এমন একজন বিতর্কিত ব্যক্তির সঙ্গে বসে মিটিং করতে হবে জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের—এটা মাগুরার ক্রীড়ামোদীরা মেনে নিতে পারছেন না।

জাতীয় ক্রীড়া পরিষদের একটি সূত্র জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বিশেষ ইচ্ছাতেই মোয়াজ্জেমকে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য করা হয়েছে।

এদিকে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও স্থানীয় ক্রীড়ামোদীরা অবিলম্বে এই দুর্নীতিবাজ মো. মোয়াজ্জেম হোসেনকে সদস্য পদ থেকে বাদ দিয়ে জেলা প্রশাসকের পাঠানো তালিকা অনুযায়ী এডহক কমিটি পুনর্গঠনের দাবি তুলেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights