• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

খাল পুনঃখননে নতুন জাগরণ: জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ১৬ মার্চ দেশব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন তারেক রহমান

Byadmin

মার্চ ৯, ২০২৬

এস এম শাহ্ জালাল সাইফুল :

বাংলাদেশের কৃষি, সেচব্যবস্থা ও গ্রামীণ অর্থনীতিকে নতুন গতিতে এগিয়ে নিতে সরকার দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচি শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন পলি জমে বন্ধ হয়ে থাকা খালগুলোকে পুনরুজ্জীবিত করে জলাবদ্ধতা দূর, সেচব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আগামী ১৬ মার্চ সারা দেশে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করবেন।

রোববার (৮ মার্চ) দুপুরে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় সাহাপাড়া খাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও পুলিশ সুপার জেদান আল মূসা।

মন্ত্রী জানান, প্রায় ১২ কিলোমিটারের বেশি দীর্ঘ সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং কৃষিজমিতে সেচের পানি পৌঁছানো সহজ হবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় মানুষের জীবনমানের উন্নতি ঘটবে।

তিনি স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ঐতিহাসিক খাল খনন আন্দোলনের কথা। মন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতা নিশ্চিত করতে জিয়াউর রহমান এক সময় খাল খনন কর্মসূচিকে জাতীয় আন্দোলনে পরিণত করেছিলেন। সেই আদর্শ ও স্বপ্নকে সামনে রেখেই বর্তমান সরকার আবারও এ কর্মসূচি হাতে নিয়েছে।

মন্ত্রী আরও বলেন, দেশের বহু খাল ও নদীতে বছরের পর বছর পলি জমে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও অবৈধভাবে দোকানপাট ও ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। এসব বাধা দূর করে জনগণের সহযোগিতায় খালগুলো পুনরুদ্ধার করা হবে।

খননকাজে কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। অতীতে বিভিন্ন প্রকল্পে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে শিক্ষা নিয়ে এবার প্রকল্পটি কঠোর নজরদারির আওতায় বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত এই সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে কাজ করতে বদ্ধপরিকর। খাল পুনঃখননের মাধ্যমে শুধু জলাবদ্ধতা দূরই নয়, বরং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন ভাবনাকেও বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, পরিকল্পিতভাবে খাল ও নদী পুনঃখনন করা গেলে তা কৃষি, পরিবেশ ও গ্রামীণ অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতেও তৈরি হবে নতুন সম্ভাবনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights