• রবি. আগ ১৬, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

কুমিল্লায় বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় স্থাপনের দাবি মন্ত্রী আমিন উর রশিদের

ByShirso Aparadh

জুন ২৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা জেলায় বাংলাদেশ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

গত ২১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপির কাছে পাঠানো এক আধা-সরকারি (ডিও) চিঠিতে তিনি এ দাবি জানান।

চিঠিতে মন্ত্রী উল্লেখ করেন, কুমিল্লা দেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জেলা। প্রায় ৬২ লাখ মানুষের বসবাস এ অঞ্চলে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্য, কৃষি, মৎস্য, শিল্পায়ন এবং প্রবাসী আয়ের কারণে জাতীয় অর্থনীতিতে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি বলেন, এত বৃহৎ ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হওয়া সত্ত্বেও এখানে বাংলাদেশ ব্যাংকের কোনো আঞ্চলিক কার্যালয় নেই। ফলে ব্যাংকিং তদারকি, সরকারি আর্থিক কার্যক্রম, আন্তঃব্যাংক লেনদেন, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ঢাকা বা চট্টগ্রামে যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি সেবাপ্রাপ্তিতেও ভোগান্তি তৈরি হচ্ছে।

মন্ত্রী তার চিঠিতে আরও উল্লেখ করেন, কুমিল্লায় বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় স্থাপিত হলে বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের তদারকি সহজ হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে।

এ ছাড়া আমদানি-রপ্তানি ও বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থাপনা সহজ হবে এবং সাধারণ জনগণ ও উদ্যোক্তারা কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সেবা দ্রুত ও সরাসরি গ্রহণ করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।

আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির স্বার্থে কুমিল্লায় জরুরি ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights