
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন— মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকাল ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় চারজনকে জরুরি বিভাগে আনা হয়।
তিনি আরও জানান, মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।
জিল হক ও উম্মে হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতর দগ্ধ হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর স্থানীয়ভাবে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
