সোহেল রানা :
নরসিংদীতে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। পিকনিক শেষে ঢাকায় ফেরার পথে সশস্ত্র হামলায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
সোমবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফেরার সময় এ বর্বর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ড্রিম হলিডে পার্কের সামনে বাসটি সাময়িকভাবে দাঁড়ানো মাত্রই স্থানীয় একদল চিহ্নিত সন্ত্রাসী সাংবাদিকদের কাছ থেকে চাঁদা দাবি করে। সাংবাদিকরা এ অন্যায় দাবির প্রতিবাদ জানালে প্রথমে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বাসে থাকা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়।এ হামলায় মো. শাহেদ, মহসিন, সাখাওয়াত কাউসারসহ অন্তত ১২ জন সাংবাদিক আহত হন। তাঁদের মধ্যে ছয়জনকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজন হামলাকারীকে আটক করে থানায় নিয়ে যায়। হামলার সঙ্গে জড়িত অন্যান্য সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।
এই ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি। সংগঠনটি জানিয়েছে, দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
