
নিজস্ব প্রতিবেদক
পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ছিল ১৫৯৮ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) এক ঘোষণায় এলপিজির নতুন মূল্য নির্ধারণ করে বিইআরসি। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
নতুন মূল্য অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৭২৭ টাকা। সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ১১৪ টাকা।
এ ছাড়া ১৮ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৬৪২ টাকা এবং ২২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন ঘোষণায় ২৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজির ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৩৬০ টাকা এবং ৩৫ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ৪৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার বিক্রি হবে ৫ হাজার ৯৪৫ টাকায়।
বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য, আমদানি ব্যয়, পরিবহন খরচ এবং সংশ্লিষ্ট অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বিবেচনায় নিয়ে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করে থাকে।
আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য নির্ধারণ করা হয়।
