• সোম. আগ ১০, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, চুপ্পু-এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

ByShirso Aparadh

আগ ১০, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ঋণের নামে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু, ব্যবসায়ী এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি।

ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে দুদকে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামে একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরবর্তী সময়ে ওই ঋণের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

দুদকে দেওয়া অভিযোগে তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য মো. সাহাবুদ্দিন এবং ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ঋণ অনুমোদনের সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা অনৈতিকভাবে ঋণ অনুমোদন করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। পাশাপাশি অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’-এর অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ব্যবসায়ী এস আলম ভূমিকা রেখেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দুদকে দেওয়া অভিযোগে জানানো হয়, চারটি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বিষয়টি তদন্ত করা হয়েছে। তদন্তে ঋণ অনুমোদন ও অর্থ উত্তোলনের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights