• শনি. জুলা ২৫, ২০২৬

উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ৭

ByShirso aparadh

জুলা ২৫, ২০২৬

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশা ও একটি ট্রাককে ধাক্কা দিলে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার জয়শ্রী বাজারের সাজু ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী বিএমএফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৭২৯৫) একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি প্রথমে মহাসড়কে চলাচলরত দুটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহীন অবস্থায় সামনে থাকা একটি ট্রাকের (যশোর ট-১১-২৯৩৬) পেছনে আঘাত করলে বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটিরও আংশিক ক্ষতি হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

গুরুতর আহত রিকশাচালক মোশাররফ হোসেন (৬০)-কে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে অটোরিকশার চালক ও যাত্রী রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উদ্ধারকারী দল দুর্ঘটনাকবলিত বাস, অটোরিকশা ও ট্রাক সরিয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ তদন্ত করছে। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এদিকে, দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া গতিতে যান চলাচল নিয়ন্ত্রণ, নিয়মিত নজরদারি বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights