নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল ও বৈধ ঘোষণার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আপিল গ্রহণের শেষ দিন শুক্রবার (৯ জানুয়ারি) একদিনেই জমা পড়ে ১৭৬টি আপিল।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে আপিল শুনানি শুরু হয়েছে। এই শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
আজ শনিবার প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। বাকি আপিলগুলোর শুনানির সময়সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইসি।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি থেকে আপিল গ্রহণ শুরু হয়। এর মধ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ১৭৪টি, বুধবার ১৩১টি এবং মঙ্গলবার ১২২টি আপিল জমা পড়ে। প্রথম দিন সোমবার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ৪১টি এবং মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল দায়ের করা হয়।
এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৩০০টি সংসদীয় আসনে জমা পড়া মোট ২,৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১,৮৪২টি বৈধ ও ৭২৩টি বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

