• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য : স্বরাষ্ট্র উপদেষ্টা

Byadmin

নভে. ৬, ২০২৫

গাজীপুর জেলা প্রতিনিধি │ ০৫ নভেম্বর ২০২৫

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে মুক্ত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। রাজনৈতিক দল, প্রশাসন ও নির্বাচন কমিশনের সমন্বিত প্রচেষ্টায় নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই অপপ্রচার ও মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা সামাজিক মাধ্যমে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুজব ও প্রোপাগান্ডার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

কৃষি বিষয়ে উপদেষ্টা বলেন, “বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ লাখ মেট্রিক টন বেশি ধান উৎপাদন হয়েছে। এবার আমনের বাম্পার ফলনের আশা করছি। শাকসবজির দাম নাগালের মধ্যে রাখতে সরকার সক্রিয় রয়েছে। সারেও কোনো সংকট নেই, দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা প্রায় চূড়ান্ত।”

তিনি জানান, কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে এবং কৃষিক্ষেত্রে ২০৫০ সাল পর্যন্ত সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়ন প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মালিক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অ্যাক্টিং কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক নাফিসা আরেফিন, পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ জাবের সাদেকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

দিনের অপর কর্মসূচিতে উপদেষ্টা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা–২০২৫ উদ্বোধন করেন এবং বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights