
নিজস্ব প্রতিনিধি :
রাজধানীর শাহবাগে পার্বত্য চট্টগ্রামে সকল জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত, মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালু, পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহীদ হাদী চত্বরে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান সমন্বয়ক মো. মোস্তফা আল ইহযায। প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। এছাড়া অবসরপ্রাপ্ত কর্নেল খন্দকার ফরিদুল আকবর, অ্যাডভোকেট পারভেজ তালুকদার, বজলুর রহমান বাবলু, মিজানুর রহমান, জিয়া উল হক, রফিকুল ইসলাম, নারগিস জুই, সেলিম রেজা বাচ্চু, শাহপরান সাইম, রোজিনা আক্তার ও তারেক রহমান শাওনসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় স্থায়ীভাবে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীকেও আয়কর অব্যাহতির আওতায় আনার দাবি জানান। তাদের বক্তব্য, একই অঞ্চলে বসবাস করেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বিদ্যমান কর-সুবিধা থেকে বাঙালিরা বঞ্চিত হওয়ায় বৈষম্যের সৃষ্টি হচ্ছে।
মোস্তফা আল ইহযায অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামের স্থানীয় বাঙালিরা চাকরি, উচ্চশিক্ষা, উন্নয়ন প্রকল্প ও অর্থনৈতিক সুযোগ-সুবিধায় প্রত্যাশিত অংশীদারিত্ব পাচ্ছেন না। তিনি জেলা পরিষদের অধীন বিভিন্ন পদে শতভাগ মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় বাঙালি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় পৃথক কোটা চালুর দাবি জানান।
প্রধান অতিথি অধ্যাপক আশরাফ আলী আকন তার বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি, পরিচয়-সংক্রান্ত বিতর্ক এবং জাতীয় সার্বভৌমত্বের বিষয় তুলে ধরে দেশের অখণ্ডতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে শহীদ হাদী চত্বর থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সমাবেশে উত্থাপিত বিভিন্ন দাবি, পরিসংখ্যান ও মতামত বক্তাদের নিজস্ব বক্তব্য। এসব বিষয়ে সরকারের বা সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত নয়।
