
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের তিন সদস্যকে গলাকেটে হত্যার অভিযোগে সৎ ছেলে মো. রিপনকে আটক করেছে পুলিশ। নিহতদের মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সখিনা বেগম (৪০), তার ছেলে মাহিন (৬) এবং নাতনি ফারিয়া আক্তার (৪)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকায় বসবাসকারী রিপন কয়েকদিন আগে বাড়িতে ফেরেন। ঘটনার দিন সন্ধ্যায় ঘরের ভেতরে সৎ মা সখিনা বেগমকে গলাকেটে হত্যা করেন তিনি। এ সময় ঘটনাটি দেখে ফেলায় ছোট ভাই মাহিন ও ভাগ্নি ফারিয়াকেও হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
হত্যাকাণ্ডের সময় পরিবারের কর্তা বাড়িতে ছিলেন না। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা রিপনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে
