• সোম. আগ ১০, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

যে যতটুকু পড়াশোনা করেছে, ততটুকুই ফল পেয়েছে: শিক্ষামন্ত্রী

ByShirso Aparadh

আগ ১০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যে শিক্ষার্থী যতটুকু পড়াশোনা করেছে, সে অনুযায়ীই ফলাফল পেয়েছে। পরীক্ষার খাতায় নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এহছানুল হক মিলন বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, কিন্তু পরীক্ষার খাতায় মন খুলে নম্বর দেওয়া যায় না। শিক্ষার্থীরা পরীক্ষায় যে নম্বর পেয়েছে, তার ভিত্তিতেই ফলাফল দেওয়া হয়েছে।’

তিনি বলেন, অনেক শিক্ষার্থী ভালো করার সম্ভাবনা থাকা সত্ত্বেও পরীক্ষার সময় প্রত্যাশিত ফল করতে পারে না। ফলাফলে কোনো ভুল বা অসঙ্গতি থাকলে তা সংশোধনের সুযোগ নিশ্চিত করতেই পুনঃনিরীক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট আইনও সংশোধন করা হয়েছে।

মন্ত্রী জানান, যেসব শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করবে, তাদের খাতা সম্পূর্ণভাবে যাচাই করা হবে। পরীক্ষার খাতা মূল্যায়নে কোথাও কোনো ভুল-ত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠানের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আগামী বছরের এসএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হবে। ধাপে ধাপে পরীক্ষার সময়সূচি আরও এগিয়ে আনা হবে বলেও জানান তিনি।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।

সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights