রাশেদুল ইসলাম:
জামালপুরের মেলান্দহ উপজেলায় বজ্রপাতে মর্জিনা (২২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় শেফালী (২৮) নামে আরও এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার হাজরাবাড়ী পৌরসভার কড়ইচড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা ওই গ্রামের রাজীবের স্ত্রী। তাঁর তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানের রান্নাঘরে কাজ করছিলেন মর্জিনা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি সরাসরি এতে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, বৃষ্টির মধ্যে রাস্তা থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে আহত হন পাশের বাড়ির বাসিন্দা হারুনের স্ত্রী শেফালী।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মর্জিনার মৃত্যুতে তাঁর তিন বছরের শিশু কন্যাটি বারবার মা’কে খুঁজে ফিরছে, যা উপস্থিত সবার হৃদয় স্পর্শ করেছে।
