• সোম. জুন ২৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

মাদারগঞ্জ-সারিয়াকান্দি ২য় যমুনা সেতু বাস্তবায়নের দাবিতে মাদারগঞ্জে বিশাল মানববন্ধন

ByShirso aparadh

জুন ২৯, ২০২৬


শাহিন আলম হৃদয় | মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জ পর্যন্ত প্রস্তাবিত দ্বিতীয় যমুনা সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে মাদারগঞ্জ। দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকা এই প্রাণের দাবি আদায়ে এবার রাজপথে নেমেছেন সর্বস্তরের মানুষ।
আজ রবিবার (২৮ জুন) সকাল ১০টায় মাদারগঞ্জ উপজেলা শহরের হাইওয়ে রোডে অবস্থিত প্রধান সড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সুশীল সমাজের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে উপজেলার প্রায় ৩ হাজার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সারিয়াকান্দি-মাদারগঞ্জ দ্বিতীয় যমুনা সেতু কেবল এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নই নয়, এটি উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাবে। সেতুটি নির্মিত হলে কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প খাতের অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি স্থবির হয়ে পড়া স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। ২-৩টি জেলার লাখ লাখ মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবে এই সেতুর কোনো বিকল্প নেই।
বক্তারা গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ সেতুটির দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত প্রকল্পটির দৃশ্যমান বা কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবহেলিত এই জনপদের অর্থনৈতিক মুক্তি ও সার্বিক উন্নয়নের স্বার্থে অবিলম্বে দ্বিতীয় যমুনা সেতু প্রকল্প অনুমোদন ও দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান ও পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন চরপাকেরদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু মিয়া, বালিজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুঞ্জুরুল ইসলাম মুছা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিজুর রহমান সাকু, সাবেক মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার, বিএনপি নেতা প্রভাষক আলমগীর কবির, শিক্ষক আব্দুল মোত্তালিব সেলিম ও মোহাম্মদ আলী জিন্নাহ মিস্টারসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং মাদারগঞ্জ-সারিয়াকান্দি দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights