
নিজস্ব প্রতিবেদক
মব বা সংঘবদ্ধ জনতার অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে মব পরিস্থিতি অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হচ্ছে। এর ফলে সীমান্তে চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
তিনি জানান, চোরাচালান প্রতিরোধে ডিজিটাল প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা চালুর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশে মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে দুপুরে বিজিবির সিলেট সেক্টর কার্যালয়ে ‘সীমান্ত স্কুল অব ওয়েলফেয়ার অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি একটি স্থিরচিত্র প্রদর্শনীও পরিদর্শন করেন।
সফরসূচি অনুযায়ী, পরে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সিলেট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এছাড়া সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।
