• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, থাকার–খাবারের বিশেষ ব্যবস্থা

Byadmin

মার্চ ১, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথে অস্থিতিশীলতা দেখা দেওয়ায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর ফলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ হাজার হাজার যাত্রী আটকা পড়েন। তাদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মী এবং ইউরোপ-আমেরিকাগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরে গিয়ে আটকে পড়া যাত্রীদের খোঁজ-খবর নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর নেওয়া পদক্ষেপ সরেজমিনে তদারকি করেন।

এ সময় সংবাদ সম্মেলন চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি ও যাত্রীদের ভোগান্তি সম্পর্কে বিস্তারিত জানতে চান। জবাবে মন্ত্রী জানান, মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন যৌথভাবে যাত্রীদের জন্য জরুরি সহায়তা কার্যক্রম চালু করেছে।

মন্ত্রী প্রধানমন্ত্রীকে অবহিত করেন, সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান করছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ইতোমধ্যে ৫০ জন যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আরও প্রায় ৮০০ জন যাত্রীর আবাসনের ব্যবস্থা নিশ্চিত করেছে।

ফোনালাপে আরও জানানো হয়, ওমানের মাস্কাটগামী একটি ফ্লাইটের ৫৩ জন যাত্রী সিলেট থেকে ঢাকায় এসেছিলেন। তাদের ফ্লাইট বাতিল হওয়ায় হোটেলে পাঠানো হয়েছে এবং সেহরির ব্যবস্থাও করা হয়েছে। রবিবার (১ মার্চ) তাদের এসি বাসে করে সিলেটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় শনিবার বিকেল থেকেই ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল করা হয়। আকস্মিক এ সিদ্ধান্তে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে কি না, তা অনিশ্চিত রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights