মো. হাসান,বান্দরবান প্রতিনিধি।
১২ অক্টোবর ২০২৫,রোববার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবির এক সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত সদস্য নায়েক মোহাম্মদ আকতার বাইশফাঁড়ি বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। বিস্ফোরণে তাঁর ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
রবিবার (১২ অক্টোবর) সকালে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা বাইশফাঁড়ি সীমান্তে নিয়মিত টহলের সময় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, টহল দলটি সীমান্তের ৪০ ও ৪১ নম্বর পিলারের মাঝামাঝি অবস্থানে পৌঁছালে হঠাৎ মাইন বিস্ফোরণ হয়।
সূত্রে জানা যায়, ঘটনাস্থলটি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিয়ন্ত্রিত অংজান ক্যাম্পের নিকটবর্তী এলাকা। ধারণা করা হচ্ছে, আরাকান আর্মির সদস্যরা পূর্বে সেখানে পুঁতে রাখা মাইন থেকেই এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির কারণে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে নায়েক আকতার সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে রামু সিএমএইচে পাঠানো হয়, বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন,
ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সীমান্তজুড়ে মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাত ও আরাকান আর্মির মাইন ফাঁদের কারণে ঘুমধুমসহ সীমান্তবর্তী এলাকার জনজীবন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
