• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে শিল্প উপদেষ্টার বৈঠক

ByMahfuz Sarker

আগস্ট ২১, ২০২৫

ঢাকা, ২১ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার):
একরামুল হক : বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বৈঠক করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

আজ মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই দেশের শিল্প ও কৃষি খাতের উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা ও বাণিজ্য জোরদার করার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

শিল্প উপদেষ্টা বৈঠকে বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উভয় দেশের শিল্প সম্ভাবনা কাজে লাগানো সম্ভব।” তিনি বিশেষ করে চিনিশিল্প, চামড়াশিল্প, সিমেন্ট, জাহাজ নির্মাণ এবং কৃষি খাতে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

আলোচনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পাকিস্তানের হালাল অথরিটির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া, চিনিশিল্পে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে ইতোমধ্যেই যে সিদ্ধান্ত হয়েছে, তা বৈঠকে উল্লেখ করা হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে শিল্পোন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

বৈঠকে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান এবং বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights