
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, নবনিযুক্ত সাব-ইন্সপেক্টরদের (এসআই) সব ধরনের ভয়ভীতি, প্রভাব, পক্ষপাত, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে মামলা তদন্ত এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জন এবং প্রত্যাশা পূরণে মানবিক ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, নিরপরাধ, বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিকভাবে কাজ করতে হবে। জনগণের সেবা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে আইজিপি ৫০০ প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন।
এবারের ব্যাচে শাহরিয়ার হাসান সিজান ‘বেস্ট ক্যাডেট’, সাইফুল ইসলাম ‘বেস্ট অ্যাকাডেমিক’, তৌকির আহমেদ ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’, আশরাফুল ইসলাম ‘বেস্ট সুইমার’ এবং কামরান শেখ ‘বেস্ট শুটার’ নির্বাচিত হন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (লজিস্টিকস) শুভ কুমার ঘোষ।
মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর ৫০০ জন ক্যাডেট সাব-ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে আগামী দুই বছর বাস্তবমুখী প্রশিক্ষণে অংশ নেবেন।
