• বৃহস্পতি. জুন ২৫, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান, বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

ByShirso aparadh

জুন ২৪, ২০২৬

শেখ ফরিদ উদ্দিনঃ

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষায় কোনো শিক্ষার্থীর কাছে নকল বা অবৈধ উপকরণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে কেন্দ্র প্রধান কিংবা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকেও জবাবদিহির আওতায় আনা হবে।

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিবরা অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় নকলের প্রচলিত পদ্ধতি অনেকটাই কমে এলেও প্রযুক্তির কারণে এর ধরন পরিবর্তিত হয়েছে। সেই বাস্তবতা বিবেচনায় পুরোনো পরীক্ষা আইন সংশোধন করে যুগোপযোগী বিধান যুক্ত করা হয়েছে। নতুন আইনের আওতায় নকল ও প্রশ্নফাঁস-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখা জরুরি। নকল কিংবা প্রশ্নফাঁসের মতো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এবং বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় পরীক্ষাকেন্দ্রগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights