• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দাউদকান্দিতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ByShirso aparadh

মে ১৯, ২০২৬

★ডিজিটাল সেবায় ভোগান্তিমুক্ত ভূমি ব্যবস্থাপনার প্রত্যয়

বিশেষ প্রতিবেদক, দাউদকান্দি (কুমিল্লা):
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা পৌঁছে দিতে উপজেলা ভূমি প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতারা।

এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, ভূমি সেবা মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক চাহিদা। দীর্ঘদিনের জটিলতা, হয়রানি ও দালালচক্রের অপতৎপরতা কমিয়ে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের ফলে নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর পরিশোধ ও অনলাইন আবেদন প্রক্রিয়া এখন অনেক সহজ হয়েছে। এতে গ্রামীণ জনগোষ্ঠীও ঘরে বসে বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাচ্ছে।

মেলার শেষ দিনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হবে। পাশাপাশি ইউনিয়নভিত্তিক সর্বোচ্চ ভূমি কর আদায়কারীকে পুরস্কৃত করার ঘোষণাও দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে ভূমি সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসছে। এর ফলে জনগণের সময়, অর্থ ও ভোগান্তি কমছে।

তিনি সাধারণ মানুষকে দালাল বা মধ্যস্বত্বভোগীদের আশ্রয় না নিয়ে সরাসরি সরকারি সেবা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের সচেতনতা ও অংশগ্রহণই দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার প্রধান শক্তি।

মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান উত্তোলন, অনলাইন আবেদনসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য ও তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights