• সোম. আগ ১৭, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ক্ষমতা সুনিশ্চিত হয়েছে: মাহদী আমিন

ByShirso Aparadh

আগ ১৭, ২০২৬

শেখ ফরিদ উদ্দিন:

অন্তর্বর্তীকালীন যাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অবিচল থেকে কাজ করে যাচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জনগণের ক্ষমতা সুনিশ্চিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক এই সরকার গত ১৭ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।

সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে আজ সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় সরকারের গত ১৮০ দিনের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য উন্নয়নমূলক অর্জন ও আগামী দিনের কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

মাহদী আমিন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী আন্দোলন ও বিগত দেড় দশকের রক্তক্ষয়ী সংগ্রামের ধারাবাহিকতায় গঠিত এই সরকারের ক্ষমতার মূল উৎস এ দেশের জনগণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, বেগম খালেদা জিয়ার জানাজায় জনস্রোত এবং নির্বাচন পরবর্তী সময়ে জনগণের সম্পৃক্ততাই সরকারের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ।

সরকারের উল্লেখযোগ্য অর্জন ও সামাজিক কল্যাণমূলক পদক্ষেপ:

  • কৃষি ও সামাজিক সুরক্ষা: প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১৩ লক্ষ কৃষক পরিবারের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, প্রবাসীদের জন্য ‘ প্রবাসী কার্ড’ এবং ধর্মীয় গুরুদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে। একই সাথে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি পুনরুজ্জীবিত করা হয়েছে।
  • শিক্ষা ও তরুণদের সুযোগ: মেয়েদের জন্য স্নাতক (অনার্স) পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, ফ্রি ওয়াইফাই সুবিধা, নতুন পাঠ্যক্রম এবং শিক্ষার্থীদের সরাসরি সংসদে উপস্থিত হয়ে অভিজ্ঞতা অর্জনের ব্যবস্থা করা হয়েছে।
  • অবকাঠামো ও যোগাযোগ: অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষকদের ২ হাজার কোটি টাকার বকেয়া মেটানো ছাড়াও ঢাকায় ২০০টি ইলেকট্রিক বাস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
  • আইন ও বিচার ব্যবস্থা: স্বৈরাচারী রাজনৈতিক সংগঠন নিষিদ্ধকরণে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ সংশোধনসহ বহু গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে। রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন গড়ার ফলে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কবার্তা ২য় ধাপে উন্নীত হয়েছে।
  • অর্থনীতি ও পররাষ্ট্রনীতি: বাজারে সিন্ডিকেট রোধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে। এছাড়া ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি সংকট নিরসনে আলোচনা চলছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর সভাপতিত্বে এবং উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং উপদেষ্টা জাহিদ উর রহমান সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights