নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে দেশের চিকিৎসাব্যবস্থায় বড় ধরনের নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও গাইডলাইন নির্ধারণী এক জরুরি বৈঠক শেষে তিনি জানান, এবার বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীরা বিশেষ আর্থিক সুবিধা পাবেন।
নতুন নির্দেশনায় যা থাকছে:
- ১০% ফ্রি বেড: দেশের সব বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজকে তাদের মোট শয্যার ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য সম্পূর্ণ খালি এবং ফ্রি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে এই ফ্রি বেডের সংখ্যা মন্ত্রণালয়কে জানাতে হবে।
- বিনামূল্যে চিকিৎসা: এই নির্ধারিত ১০ শতাংশ বেডে চিকিৎসাধীন রোগীদের বেড ভাড়া ও সার্বিক চিকিৎসা ব্যয় সম্পূর্ণ ফ্রি থাকবে।
- পরীক্ষায় ৮০% ছাড়: ডেঙ্গু আক্রান্তদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার (ইনভেস্টিগেশন) মোট খরচের ৮০ শতাংশ বহন করবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীকে দিতে হবে মাত্র ২০ শতাংশ।
- রোগীর নিজস্ব খরচ: তবে হাসপাতালের ফ্রি সেবার বাইরে রোগীর ব্যক্তিগত খাবার এবং ওষুধের খরচ নিজেকেই বহন করতে হবে।
ভ্যাকসিনের বর্তমানstatus ও সরকারি প্রস্তুতি
ভ্যাকসিন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানান, ডেঙ্গুর ভ্যাকসিন এখনো বিশ্বব্যাপী সর্বজনীন বা শতভাগ কার্যকর হিসেবে প্রমাণিত না হওয়ায়, এই মুহূর্তে বাংলাদেশে কোনো ডেঙ্গু ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। আগামী সপ্তাহ থেকেই সারা দেশের ৬৪টি জেলায় চিকিৎসকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হচ্ছে, যাতে ডেঙ্গুর সঠিক প্রোটোকল ও পরীক্ষা-নিরীক্ষা নিয়ে সবার মাঝে অভিন্ন ধারণা থাকে।
লার্ভা পেলেই জরিমানা ও দেশব্যাপী সচেতনতা
এডিস মশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে সারা দেশে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কারও বাসাবাড়ির ছাদ কিংবা আঙিনায় মশার লার্ভা পাওয়া গেলে তাৎক্ষণিক জরিমানা করা হবে।
পাশাপাশি, জনসচেতনতা বাড়াতে আগামী শনিবার সকাল ১০টা থেকে ঢাকা দুই সিটি কর্পোরেশনসহ সব বিভাগীয় শহরে বিশেষ র্যালি অনুষ্ঠিত হবে। এই সচেতনতামূলক প্রচারণা আগামী ৩ মাস ধরে দেশজুড়ে চলমান থাকবে।
